মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে আজ বৃহস্পতিবার থেকে চালু করা হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিফিকেশন রেজিস্টার (এনইআইআর)। এই পদ্ধতি চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৬ জনকে আটক করা হয়েছে।
বিটিআরসি কার্যালয়ে দায়িত্ব পালনকারী আনসার সদস্য ও আশপাশের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বিকেল চারটার কিছু সময় পর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা বিক্ষোভ করে বিটিআরসি কার্যালয়ের সামনে যান। একপর্যায়ে তাঁরা বিটিআরসি কার্যালয়ের বাইরে ভাঙচুর চালান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ক্ষুব্ধ ব্যবসায়ীদের একটি অংশ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেও ভাঙচুর চালায়। তখন কার্যালয়ে থাকা কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিটিআরসি কার্যালয়ের সামনে আর কোনো বিক্ষোভকারীকে দেখা যায়নি। তখন বিটিআরসি ভবনের সামনে সড়কে সেনাবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
সকাল সংবাদ 









